দেশব্যাপী বিএফইউজের বিক্ষোভ সমাবেশ
‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দফা দাবি
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ২১:০১
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী এসব দাবি উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাহাঙ্গীর আলম প্রধান, বাছির জামাল,এরফানুল হক নাহিদ, মোরসালিন নোমানী প্রমুখ।
বিএফইউজের মূল দাবির মধ্যে রয়েছে— ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটি, সাংবাদিক হত্যা ও হয়রানি বন্ধ, সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, পৃথক শ্রম আদালত প্রতিষ্ঠা, এবং অভিন্ন জাতীয় সংবাদমাধ্যম নীতিমালা প্রণয়ন।
এছাড়া অনলাইন, টিভি ও রেডিও সাংবাদিকদের জন্য সমন্বিত জাতীয় সংবাদমাধ্যম নীতিমালা ও ওয়েজ বোর্ড চালু, রাষ্ট্রীয় প্রশাসনে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত, চাকরিচ্যুতি বন্ধ, মফস্বলের সাংবাদিকদের সম্মানজনক বেতন প্রদান, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে বীমা ও ক্ষতিপূরণ, এবং নারী সাংবাদিকদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয়। সংগঠনটি আরও দাবি করে, গণমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও অনলাইনভিত্তিক করা, বিজ্ঞাপন রেট বাস্তবসম্মতভাবে বৃদ্ধি, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখা, নির্বাচনকেন্দ্রিক সংবাদ সংগ্রহে বাধা দূর করা, নিউজপ্রিন্টে শুল্ক ও কর হ্রাস, এবং সাংবাদিকতাকে পূর্ণাঙ্গ শিল্প ঘোষণা করা।
কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা এমন একটি পরিবর্তিত গণমাধ্যম চাই, যেখানে সাংবাদিকরা কোনো চাপ ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন। অনুসন্ধানই হবে সত্যের সমাহার, আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূলশক্তি।’ সমাবেশে বক্তারা সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন।
- বিষয় :
- গণমাধ্যম
- ওয়েজবোর্ড
- বিক্ষোভ সমাবেশ
