জাতীয় নদী কনভেনশন
নদী রক্ষায় রাজনৈতিক দলের ঐক্য জরুরি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ২৩:৪৬
দেশের নদী রক্ষায় সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় নদী কনভেনশনে। বক্তারা বলেছেন, নদী শুধু পরিবেশের নয়, এটি দেশের অস্তিত্ব ও রাজনীতিরও বিষয়।
শনিবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত জাতীয় নদী কনভেনশনে এ আহ্বান জানানো হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল– ‘নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার’।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল।
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাস্টিস পার্টির (বাজাপা) চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন বলেন, নদী শুধু দেশের প্রাণ নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক। নদী রক্ষা শুধু পরিবেশবাদী দায়িত্ব নয়, এটি রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়। আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে ইশতেহারে নদী রক্ষার অঙ্গীকার স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
দুই পর্বে আয়োজিত কনভেনশনের প্রথম পর্বে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নদী রক্ষার কাজ কোনো একক সরকারের দায়িত্ব নয়, এটি জাতীয় ইস্যু। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নদী নীতি প্রণয়ন এখন সময়ের দাবি।
বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসীমউদ্দীন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় হিন্দু মহাজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাসদের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, এলডিপির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবই নদী সংকটের মূল কারণ। তারা নদী দখল ও দূষণ রোধে জাতীয় নদী কমিশন গঠন, নদীর নাব্য ফিরিয়ে আনা, নদীভিত্তিক অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। কনভেনশনের সমাপনী ঘোষণায় জানানো হয়, ভবিষ্যতের নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার প্রতিশ্রুতি বাধ্যতামূলক করতে রাজনৈতিক দলগুলোর প্রতি একযোগে আহ্বান জানানো হবে।
