সংসদ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ২০:৫০ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ২০:৫১
আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তাবলিগ জামাতের দুইপক্ষের আয়োজনে এবং তাদের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের বিবদমান দুইপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন।
ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, তার আসার বিষয়টি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। এ দুই মন্ত্রণালয় অনুমতি দিলে তিনি আসতে পারবেন।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ডা. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। তার ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত নিতে হবে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না।’
এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের সময় বাকি আছে তিন মাস। দেশ কি নির্বাচনের পথে যাচ্ছে- এমন প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার তো মনে হয় নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করার বিষয়ে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।’
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন, দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও আলোচনার মাধ্যমে তা খুলতে বেশি সময় লাগবে না।
সরকারের সঙ্গে দূরত্ব ঘোচাতে লিয়াজোঁ কমিটি হচ্ছে কি-না? এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এটা আমার জানা নেই। হতে পারে, লিয়াজোঁ কমিটি তো সব সময় থাকে। আমি মনে করি একটু ভুল বোঝাবুঝি হলে, পরবর্তী সময়ে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও দাবি করেন তিনি।
- বিষয় :
- তাবলিগ জামাত
- ধর্ম উপদেষ্টা
