ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিডার তথ্য

গণঅভ্যুত্থানের পর এক বছরে এফডিআই বেড়েছে ১৯ শতাংশ

গণঅভ্যুত্থানের পর এক বছরে এফডিআই বেড়েছে ১৯ শতাংশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ০৭:০৯

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, দেশে গণঅভ্যুত্থানের পর এক বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১৯ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের যেসব দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ এ ক্ষেত্রে ব্যতিক্রম। 

গতকাল সোমবার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে। কিন্তু বাংলাদেশ এ ধারায় একমাত্র ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে।

বিডা জানিয়েছে, বিশ্বব্যাংকের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, শ্রীলঙ্কায় ২০২২ সালে গণঅভ্যুত্থানের পর এক বছরে এফডিআই কমে যায় ১৯ দশমিক ৪৯ শতাংশ। চিলিতে ২০১৯ সালের পর এক বছরে কমে ২৫ দশমিক ৬৮ শতাংশ। সুদানে ২০২১ সালের পর এক বছরে এফডিআই কমে ২৭ দশমিক ৬০ শতাংশ। ইউক্রেনে ২০১৪ সালের পর এক বছরে কমে ৬১ দশমিক ২১ শতাংশ। মিসরে ২০১১ সালের পর কমে ১০৭ দশমিক ৫৫ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ১৯৯৮ সালের পর কমে ১৬১ দশমিক ৪৯ শতাংশ। অন্যান্য দেশে গণঅভ্যুত্থানের পর কমে যাওয়ার প্রবণতার বিপরীতে বাংলাদেশে এফডিআই বৃদ্ধির চিত্র অর্থনীতি স্থিতিশীলতার এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আস্থার প্রতিফলন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ বিষয়ে বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতা সত্ত্বেও ‘বাউন্স ব্যাক’ করার অদ্ভুত ক্ষমতা। এ পরিসংখ্যান তার দারুণ একটি প্রতিফলন। সাধারণত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচণ্ডভাবে কমে। কিন্তু আমরা দেখছি উল্টো। সঠিক অর্থনৈতিক নীতি নির্ধারণ করা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ইত্যাদি সংস্থার আন্তরিকতা, বেসরকারি খাতের অদম্য স্পৃহা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় যা হয়েছে।”

আশিক চৌধুরী বলেন, ‘আমরা সব সময় বিনিয়োগকারীদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছি। সব সমস্যার সমাধান অবশ্য হয়নি। কিন্তু সদিচ্ছার কোনো ত্রুটি ছিল না। আমরা শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা (রিপোর্ট কার্ড) প্রকাশ করব।’
গণঅভ্যুত্থানের ফলে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গণঅভ্যুত্থান-পরবর্তী এক বছর বলতে সুনির্দিষ্ট কোন সময়কাল বোঝানো হয়েছে, বিডা সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি। এফডিআইর পরিমাণও জানানো হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বছরওয়ারি ব্যালান্স অব পেমেন্ট বা লেনদেনের ভারসাম্যবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন) এফডিআই বেড়েছে ২০ শতাংশ। গত অর্থবছরে নিট এফডিআইর পরিমাণ ছিল ১৭১ কোটি ডলার। আগের অর্থবছরে যা ছিল ১৪২ কোটি ডলার। 

আরও পড়ুন

×