দুই দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
পাবনা অফিস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ১৪:৫৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ | ১৫:৪৬
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শনিবার (৮ নভেম্বর) এ সফরে যাবেন রাষ্ট্রপতি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে রাষ্ট্রপতি আরিফপুরে তার মা-বাবার কবর জিয়ারত করবেন।
সাড়ে ১১টায় কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন।
সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন রাষ্ট্রপতি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
