ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর

পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর
×

ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ১৬:৩৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ১৬:৪৫

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বর্তমান সরকার গ্রিন মবিলিটি বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে এবং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বুধবার টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা বলেন, এটলাস বাংলাদেশের মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি কেবল আমাদের কার্বন নিঃসরণ হ্রাস ও জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে তাই নয়, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এবিএল-এর মতো একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘এটলাস ইভি’ বাজারে আসায় ক্রেতাসাধারণের জন্য গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত হলো। এই উদ্যোগটি দেশের অভ্যন্তরে উচ্চ প্রযুক্তির উৎপাদন শিল্পকে উৎসাহিত করার যে শিল্পনীতি আমাদের রয়েছে, তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা ইলেকট্রিক যানবাহনের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করছি এবং এই খাতে এটলাস বাংলাদেশের নেতৃত্ব আরও উদ্ভাবন ও বিনিয়োগকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), এটলাসের মার্কেটিং ও ব্র্যান্ড অ্যাডভাইজার এবং ঢাবির আইবিএ’র অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক প্রমুখ।

অনুষ্ঠানে এবিএল আনুষ্ঠানিকভাবে নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ নামে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এবিএলের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মে মাসে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেড–এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী এবিএল এবার নিজস্ব ব্র্যান্ডে ইলেকট্রিক মোটরসাইকেল আনল। প্রথম ধাপে চারটি মডেল (এস-১০০, এস-৯০, এস-৮০ ও এস এস-৭০) বাজারে এসেছে। প্রতিটি মডেলে লিকুইড-কুলিং মোটর রয়েছে, যা যানজটপূর্ণ পরিবেশেও মোটরের কার্যকারিতা বজায় রাখবে। গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে একবার পূর্ণ চার্জে বিদ্যুৎ খরচ হবে মাত্র প্রায় ১৫ টাকা, যা দিয়ে এস-১০০ মডেলে ১০০ থেকে ১২০ কিলোমিটার চলা যাবে। প্রতিটি বাইকে ‘অ্যান্টি-থেফট সিস্টেম (এনএফসি)’ যুক্ত, যা চুরি প্রতিরোধে সহায়ক। রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকায় বর্ষাতেও চালানো নিরাপদ।

আরও পড়ুন

×