ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ

বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
×

বিচারপতি খুরশীদ আলম সরকার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২০:৩০

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন।

দুর্নীতি ও তৎকালীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ২০২৪ সালের ১৬ অক্টোবর ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। ওই ১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। পরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 

আরও পড়ুন

×