ডেঙ্গুতে ১১ দিনেই কাড়ল ৪০ প্রাণ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ২২:১০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ০০:১১
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে এক নারী ও চার পুরুষ রয়েছেন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান নারীসহ তিনজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এই তিনজন এসেছেন। তাদের বাড়ি রাজধানীর ডেমরা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে। এর বাইরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছেন। তাদের বাড়ি পটুয়াখালীর মহিপুরে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মৃত দাঁড়িয়েছে ৩১৮ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১২ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী দাঁড়াল ৮০ হাজার ৬৩৪ জনে। ভর্তি রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৬৯৬ জন।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ডেমরার বাসিন্দা নারীর বয়স ৩৩ বছর। আর চাঁদপুর ও নারায়ণগঞ্জের বাসিন্দা দুই পুরুষের বয়স যথাক্রমে ৪৫ ও ৭০ বছর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, গত অক্টোবরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে, চলতি মাসের ১১ দিনেই ডেঙ্গু প্রাণ কেড়েছে ৪০ জনের।
এ ছাড়া জানুয়ারিতে ১০ ও ফেব্রুয়ারিতে তিনজনের মৃত্যু হয়। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে সাত, মে মাসে তিনজনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জন, জুলাইয়ে ৪১ ও আগস্টে গিয়ে মৃত্যু দাঁড়ায় ৩৯ জনে। আর সেপ্টেম্বরে ৭৬ জনের প্রাণ কাড়ে মশাবাহিত রোগটি।
পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার মহিপুর থানায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন মহিপুরের দর্জি শিশির দাস ও মৎস্যবন্দর আলীপুর কালাচাঁনপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী রাখাইন সম্প্রদায়ের উবাচো।
কয়েক দিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।
- বিষয় :
- ডেঙ্গু রোগী
- ডেঙ্গু
- মৃত্যু
