ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইসিতে বাগেরহাটের প্রতিনিধিরা

আসন পুনর্বহাল নিয়ে আদালতের নির্দেশে শ্রদ্ধা রাখার অনুরোধ

আসন পুনর্বহাল নিয়ে আদালতের নির্দেশে শ্রদ্ধা রাখার অনুরোধ
×

আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানান বাগেরহাট জেলা বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০৫:৩৯

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা।

গতকাল মঙ্গলবার এই সাক্ষাতে নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রাখতেও নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানান তারা।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা এখনও রায়ের সার্টিফায়েড কপি পাইনি। আদালতের পর্যবেক্ষণ পাওয়ার পরই কমিশন সিদ্ধান্ত নেবে আপিল করা হবে, নাকি রায় মেনে নেওয়া হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ-সংক্রান্ত প্রায় ৩০টি মামলা পেন্ডিং রয়েছে। প্রতিদিন নতুন নোটিশ আসছে। সোমবারও দুটি নোটিশ পেয়েছি।

ইসির সীমানা নির্ধারণের চূড়ান্ত প্রজ্ঞাপনে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের আসন পাঁচটি থেকে কমিয়ে ছয়টি করা হয়। এ-সংক্রান্ত রিটের প্রেক্ষাপটে সোমবার উচ্চ আদালত এক রায়ে দুই জেলারই আগের আসন পুনর্বহাল করতে ইসিকে নির্দেশ দেন।

গতকাল সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াদিজ্জুমান দিপু সাংবাদিকদের বলেন, আইনি বা বেআইনি যে প্রক্রিয়ায় হোক– বাগেরহাটের আসন বিষয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, তা দেশের সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন। আমরা ইসিকে অনুরোধ করব, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবে।

ইসির উদ্দেশে তিনি আরও বলেন, এমন কোনো পদক্ষেপ নেবেন না, যাতে ওই অঞ্চলের জনগণের প্রতি নতুন করে চাপ সৃষ্টি হয়।

সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বাগেরহাট জেলা কমিটির উপদেষ্টা ও তাঁতী দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, জামায়াতের মনজুরুল ইসলাম রাহাত প্রমুখ।

আরও পড়ুন

×