সরকারের জিরো টলারেন্স নীতি চায় চার ছাত্র সংসদ
আ.লীগের লকডাউন ঠেকাতে পাল্টা কর্মসূচি ‘জুলাই ঐক্যের’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০৬:৪১
| প্রিন্ট সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের ঢাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে ‘জুলাই ঐক্য’র ব্যানারে মাঠে নামার ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত চার কেন্দ্রীয় ছাত্র সংসদ।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের লকডাউনের পাল্টা কর্মসূচি ঘোষণা করে ‘জুলাই ঐক্য’। এটি ৩৫টি রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের মোর্চা। সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আজ বুধবার শেখ হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে পালিত হবে অবস্থান কর্মসূচি।
মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সারাদেশে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণসহ সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা এসব ঘটনার সহায়তা করছে। যেসব প্রশাসনিক কর্মকর্তা গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তারা এখনো দায়িত্বে বহাল; যা দেশের জন্য লজ্জা ও উদ্বেগজনক। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে, এর বাইরে কোনো সমঝোতা ছাত্র-জনতা মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে ‘পতিত’ কিংবা ‘নব্য’ সব প্রকার ফ্যাসিবাদ নির্মূলে ছাত্রশিবিরের মাঠে থাকার ঘোষণা দেন। এ ছাড়া ছাত্রশিবির আজ বিভাগীয় শহর এবং বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।
গতকাল গণমাধ্যমে যৌথ বিবৃতি পাঠান ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, চকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান। বিবৃতিতে বলা হয়, বিতাড়িত ফ্যাসিস্ট, গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা দেশ ও জাতির বিরুদ্ধে এক গভীর চক্রান্তে লিপ্ত। ইতিপূর্বে লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেড় দশক ধরে তারা গুম-খুন, গণহত্যা ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।
- বিষয় :
- জুলাই ঐক্য
