ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ২১:৪৩
ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫ এবং ফ্রেশার্স ওরিয়েন্টেশন’ শীর্ষক উৎসব। সৃজনশীল, যুক্তিবোধ এবং বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী গঠনের লক্ষ্যে গত বৃহস্পতিবার উৎসব আয়োজন করে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব।
উৎসবে সৃজনশীল নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল রুবিকস কিউব সমাধান, সাই-ফাই রাইটিং, ফটোগ্রাফি, গেমিং, ক্যালকুলাস কমব্যাট, আইকিউ টেস্ট উইথ ক্রিমিনাল কেস সলভিং, সুডোকু রেস, বিজ্ঞান অলিম্পিয়াড এবং ইভেন্ট ডিজাইন প্রতিযোগিতা। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।
অনুষ্ঠানের সমাপনি আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ইলিয়াস। এতে প্রধান অতিথি ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞাপন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবার, বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের অধ্যাপক এহসান হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের সহযোগী শিক্ষক নবী নেওয়াজ খান শোমিন এবং ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ. কে. এম. রফিকুল আলম। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র।
অনুষ্ঠানের প্রফেসর এ. কে. এম ইলিয়াস বলেন, ‘ভবিষ্যতে বর্ধিত কলেবরে জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব আয়োজন করা হবে।
ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি সাদমান সাদাফ বলেন, ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব প্রায় তিন দশক ধরে বিজ্ঞানচর্চা, উদ্ভাবন আর তরুণদের বিজ্ঞানমুখী করে তোলার কাজ করে যাচ্ছে। এই ক্লাবের মূল উদ্দেশ্য বিজ্ঞানকে সবার কাছে সহজ, আনন্দময় ও অনুপ্রেরণামূলক করে তোলা। এই উদ্দেশ্যে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা জাতীয় ও আন্তর্জাতিক উৎসব আয়োজন করা হবে।
- বিষয় :
- ঢাকা কলেজ
- ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল
