ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে বক্তারা
রাজনৈতিক মতভেদে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বাধাগ্রস্ত হবে না
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০৫:১৪
রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য বাধাগ্রস্ত হবে না। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তথাকথিত লকডাউন ও অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির মতো অপকর্ম সফল হবে না। গতকাল রোববার এফডিসিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন বক্তারা।
অতিথির বক্তব্যে গুমবিরোধী সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, ‘বিএনপি-জামায়াতের অনৈক্য ও চলমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা। আমরা ভিন্ন মতের বা ভিন্ন দলের হতে পারি; কিন্তু ন্যায়বিচার ও অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য এক। ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্যের নেপথ্যে ফ্যাসিস্ট রেজিম ও বিদেশি শক্তির ইন্ধন থাকতে পারে।’
তিনি বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তথাকথিত লকডাউন ও বিভিন্ন স্থানে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে। এসব অপকর্ম সফল হবে না। হাসিনার আমলে নির্যাতন ও ভয়ভীতির মধ্যেও আমরা টিকে ছিলাম; ভবিষ্যতেও প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকব।’
অন্যদিকে অনুষ্ঠানে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম বলেন, ‘বিএনপি-জামায়াতের এখন যে তর্ক চলছে, তাতে কোনো দলই পারফেক্ট নয়। এই বিতর্কের মাধ্যমেই জনগণের রায়ে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য বাধাগ্রস্ত হবে না। ফ্যাসিবাদ আমলে কেবল আমিই নই, পুরো জাতিই আয়নাঘরে বন্দি ছিল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের পর তা কেটে গেছে। নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত সব রাজনৈতিক দলগুলোর জন্য উইন-উইন সিচুয়েশন তৈরি করেছে। দেশ এখন নির্বাচনের পথে।’
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে’ শীর্ষক ছায়া সংসদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়।
- বিষয় :
- ডিবেট ফর ডেমোক্রেসি
