ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় শহীদ পরিবার

শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় শহীদ পরিবার
×

আদালত প্রাঙ্গণে শহীদ সৈয়দ মুনতাসির রহমানের বাবা সৈয়দ গাজীউর রহমান। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৮:০৯

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় শহীদ পরিবার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পরে এ দাবি করেন তারা।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দ মুনতাসির রহমানের বাবা সৈয়দ গাজীউর রহমান বলেন, ‘শেখ হাসিনা যে গুম-খুনের অপরাধ করেছে, তাতে তার চৌদ্দ হাজার বার ফাঁসি দিলেও শেষ হবে না। তবে মানুষকে তো একবারের বেশি ফাঁসি দেওয়া সম্ভব না। আমার চাওয়া—এই ফাঁসিটা যেন দৃষ্টান্তমূলক হয়, প্রকাশ্যে হয়। তবেই মানুষ শান্তি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমার চৌদ্দ বছরের ছেলেকে যাত্রাবাড়ীতে গুলি করে হত্যা করা হয়। দাখিলে বিজ্ঞান থেকে সে এ-প্লাস পেয়েছিল। জাতি একটা স্বর্ণের টুকরা হারিয়েছে। এই ত্যাগ আর কারা করবে?’

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে ফিরিয়ে আনা কেন সম্ভব হবে না? অন্য দেশ তাকে ভিসা দিচ্ছে না। স্বার্থ ফুরিয়ে গেলে ভারতও তাকে রাখবে না। আমরা চাই—এই সরকারের আমলেই তার ফাঁসি কার্যকর হোক।’

শহীদ হাফিজুল শিকদারের বাবা আবু বকর সিদ্দিক বলেছেন, শেখ হাসিনাকে শুধু ফাঁসির রায় দিলেই হবে না। তাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। ছেলে হারানোর ব্যথা, আমি ছাড়া আর কেউ বুঝবে না।

তিনি বলেন, আমি ছেলে হারিয়েছি। আমার দুঃখের অভাব নেই। গত বছরের ২০ জুলাই বাড্ডা থানার পোস্ট অফিস মোড়ে আমার ছেলে শহীদ হয়েছে। আমি চাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক। তাকে প্রকাশ্যে বাংলার মাটিতে ফাঁসি দিতে হবে। তাহলে যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের আত্মা শান্তি পাবে। আমরাও খুশি হবো।

শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা আবুল হোসেন বলেন, মারওয়া উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল। জুলাই গণঅভ্যুত্থানে সে নিয়মিত উত্তরায় আন্দোলনে যেত। আমি চায়ের দোকানদারি করতাম। মারওয়া যেন আন্দোলনে না যায় এজন্য তাকে সাভারে নানার বাড়িতে রেখে আসি। কিন্তু মেয়ে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনে গিয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশ আমার মেয়েকে গুলি করে মেরে ফেলে। এই অপরাধের সাক্ষী সারাদেশ, সারা জাতি। এই ঘটনায় যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকে ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকর করতে হবে। হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর করতে হবে। 
 

আরও পড়ুন

×