ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুদক চেয়ারম্যান বললেন

তদন্তে যারা চাপ দেবে, তাদের নাম প্রকাশ করা হবে

তদন্তে যারা চাপ দেবে, তাদের নাম প্রকাশ করা হবে
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৪:৩৫

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত চলাকালে যারা অন্যায়ভাবে চাপ দেবে, তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান বলেন, যিনি দুর্নীতিগ্রস্ত হন, তার ওপরই চাপ বেশি আসে। দুর্নীতিগ্রস্ত না হলে ঘাড় সোজা থাকলে চাপ কম আসবে। অভিযোগ অনুসন্ধান তদন্তকালে যারা চাপ দেবে, তারাও চিন্তা করবে চাপ দেবে কিনা।

দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান দুদককে আইনগতভাবে খর্ব করার বিষয়ে দুদককে নখ-দন্তহীন ব্যাঘ্র বলে মন্তব্য করেছিলেন।

দুদকের নখ, দন্ত কি গজিয়েছে– এ প্রশ্নে চেয়ারম্যান বলেন, দুদকের দাঁত যতটুকু শার্প (তীক্ষ্ণ) হওয়ার দরকার ছিল, ততটা তীক্ষ্ণ এখনও হয়নি। নখও গজায়নি। মাঝামাঝি একটা পর্যায়ে আছে। দেশের বিভিন্ন জায়গার দুর্নীতি প্রতিরোধ দুদকের একার সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

ড. মোমেন বলেন, মনোনয়ন চূড়ান্ত করার আগে প্রার্থীর নির্বাচনী হলফনামার সম্পদ বিবরণী যদি দুদক যাচাই করতে পারে– এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারে। সেটি হলে দুদক একটি টাস্কফোর্স গঠন করে কার্যক্রম শুরু করতে পারত।

নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আগেও ছিল, এবারও হয়তো হবে। দুর্নীতিবাজদের শাস্তি বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ ১০ কোটি টাকা আত্মসাৎ করে জেলে গিয়ে এক কোটি টাকা খরচ করলে ৯ কোটি টাকাই লাভ থাকে। আর যদি ১০০ কোটি টাকার দণ্ড দেওয়া হয়, তাহলে দুর্নীতি থেকে মুখ ঘুরিয়ে নেবে।

দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ ও দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। এ সময় উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী (বিশেষ তদন্ত) ও মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) আবদুল্লাহ-আল-জাহিদ।

আরও পড়ুন

×