আবুল সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন
বাউল আবুল সরকারকে গ্রেপ্তার, বাউলদের ওপর হামলা এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
বাউলশিল্পী আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য দুই দিনের আলটিমেটাম দিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। এ সময়ের মধ্যে তাঁকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সেসঙ্গে মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করায় সংস্কৃতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আবুল সরকারের মুক্তি এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মুফিজুর রহমান লালটু। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে বাউল রীতা দেওয়ান ও শরিয়ত সরকারকে কারারুদ্ধ করা হয়। তখন যেমন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আজও আবুল সরকারের মুক্তির দাবিতে আমরা দাঁড়িয়েছি।
উদ্বেগ প্রকাশ করে ৩৬ জনের বিবৃতি
বাউল-ফকির ও সংস্কৃতিকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৩৬ জন লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মী। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, মাজারে হামলা, কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলা, বাউল-ফকিরদের চুল কেটে হেনস্তা করা, নারীদের পোশাক নিয়ে কটূক্তি– এসব কর্মকাণ্ড দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি সরাসরি আঘাত। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে।
দোসরদের দুষলেন হেফাজত নেতারা
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ দাবি করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, ‘আওয়ামী লীগের দোসরদের উস্কানিতে হামলা হয়েছে। এ ঘটনায় তৌহিদী জনতার নামে মামলা প্রত্যাহার করতে হবে এবং মামলাকে কেন্দ্র করে কোনো তৌহিদী জনতাকে হয়রানি করা যাবে না।’
গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। ‘আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং বাউলদের কর্তৃক আলেম-ওলামা তৌহিদী জনতার শান্তিপূর্ণ সমাবেশে উস্কানি দিয়ে পণ্ড করার প্রতিবাদে’ এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এদিকে, তৌহিদী জনতার ব্যানারে বাউলদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলায় আহত বাউলশিল্পী আবদুল আলিম সোমবার সন্ধ্যায় সদর থানায় একটি মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ওই মামলায় বাদী কারও নাম উল্লেখ করেননি। হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তবে কাদের চিহ্নিত করা হয়েছে, তাদের নাম-পরিচয় জানাতে চাননি ওসি।
- বিষয় :
- আবুল সরকার
