ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, এক মাসেই ৯৯ জনের মৃত্যু

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, এক মাসেই ৯৯ জনের মৃত্যু
×

মশা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৯:০২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১৯:০৪

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮২ এ। এর মধ্যে শুধু নভেম্বরেই প্রাণ গেছে ৯৯ জনের যা এ বছরের যে কোনো মাসের তুলনায় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৩৬ ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯২ হাজার ২৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৩৭৭ জন রোগী।

মাসওয়ারি পরিসংখ্যান বলছে, এ বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হলেও ফেব্রুয়ারিতে মৃত্যুর সংখ্যা ছিল তিন। মার্চে কোনো মৃত্যু হয়নি। এরপর এপ্রিল, মে ও জুনে মৃত্যু যথাক্রমে ৭, ৩ ও ১৯ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ এ এবং আগস্টে ৩৯। সেপ্টেম্বরে মারা যান ৭৬ জন, অক্টোবরে ৮০ জন। তবে সবকিছুকে ছাড়িয়ে নভেম্বরে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৯৯ এ।

চলতি বছরের ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর ক্রমবর্ধমান হার বিশেষজ্ঞদের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। তাঁরা বলছেন, মৌসুমের শেষভাগেও এমন উচ্চসংখ্যক আক্রান্ত পরবর্তী বছরগুলোর জন্য বড় ধরনের সতর্কবার্তা।
 

আরও পড়ুন

×