পোস্টাল ভোট: ভুয়া রেজিস্ট্রেশন রোধে থাকছে ব্লকিং ব্যবস্থা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ২০:২৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ‘পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে অনেকেই এক দেশে বাসবাস করলেও অন্য দেশের ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন। এজন্য এখন থেকে কোনো প্রবাসী নিজ ঠিকানা না দিয়ে ভিন্ন কোনো দেশের ঠিকানা দিয়ে নিবন্ধন করলে সঙ্গে সঙ্গে ওই ডিভাইসটি অ্যাপ ব্লক করে দেবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি' অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ওই ডিভাইসটি ব্লক করে দেওয়া হবে।’
ইসি জানায়, কেউ ভুল নাম্বার ব্যবহার করে বারবার নিবন্ধনের চেষ্টা করলেও মোবাইল বা ডিভাইসটি ব্লক করে দেওয়া হবে। এছাড়া ভিপিএন ব্যবহার করে অন্য কোনো ঠিকানা করা যাবে না নিবন্ধন।
ইসি কর্মকর্তারা বলছেন, ‘বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।’
নিবন্ধন ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে
এদিকে বিভিন্ন দেশ থেকে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ১ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টায় ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। এতে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৯৮ হাজার ৫৪৬ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৪২৮ জন এবং মহিলা ভোটার ১৯ হাজার ১১৮ জন নিবন্ধন করেছেন।
এদিকে, নিবন্ধিতদের মধ্যে ১৩ হাজার ৫৯০ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর নিবন্ধন অনুমোদিত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৯৫৬ জনের।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার টার্গেট রয়েছে।
ভোট কর্মকর্তা ও কয়েদিদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
আসন্ন নির্বাচনে ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং জেল হাজতে থাকা কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তপশিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
শনিবার নির্বাচন ইসি'র জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে বসবাসরত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনি তপশিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://www.ecs.gov.bd/) জানা যাবে।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ইসি কর্মকর্তারা আরও বলছেন, বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।
- বিষয় :
- পোস্টাল ভোট
- ভুয়া রেজিস্ট্রেশন
- ব্লকিং