ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
×

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে গতকাল সোমবার বিক্ষোভ করেন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের এক দল শিক্ষার্থী সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৮

| প্রিন্ট সংস্করণ

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
গতকাল সোমবার দুপুরে শিক্ষা ভবনে গিয়ে দেখা যায়, দেড় থেকে দুইশ শিক্ষার্থী আবদুল গণি সড়কে অবস্থান নিয়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, সরকারের স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আরেক শিক্ষার্থী সুমাইয়া তাহমিন বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, গত রোববার রাত পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন। গতকাল সকাল ১০টার দিকে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের শিক্ষা ভবনের পেছনের অংশে চলে যেতে বলা হয়। এর আগে রোববার শিক্ষা ভবন মোড় ও পরে হাইকোর্ট মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে রাজধানীতে শিক্ষার্থীদের পক্ষে-বিপক্ষে আন্দোলনের মধ্যেই প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে সাতটি সিদ্ধান্ত ও অগ্রগতির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এতে আরও বলা হয়, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের প্রস্তুতি রয়েছে। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়াল অনুমোদন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষক প্রতিনিধিরা আশা করছেন।

আরও পড়ুন

×