টিউলিপসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগ
টিউলিপ সিদ্দিক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
কোনো টাকা পরিশোধ না করেই রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্মিত ভবনে ফ্ল্যাট দখলের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে সাবেক টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক। চলতি বছরের ১৫ এপ্রিল করা মামলার অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার দুদক অনুমোদন দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর শিগগির অভিযোগপত্রটি আদালতে জমা দেবেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন গতকাল বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান। অভিযোগপত্রের অন্য আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। মারা যাওয়ায় অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি ইস্টার্ন হাউজিংয়ের মালিক জহুরুল ইসলাম ও রাজউকের সাবেক আইন উপদেষ্টা, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী প্রয়াত ড. মোহাম্মদ সেলিমের নাম। জানা গেছে, দুদকের তদন্তে অর্থ পরিশোধ না করেই গুলশান-২-এর ৭১ নম্বর রোডের ১১এ, ১১বি ফ্ল্যাটটি নেওয়া হয়।
দুদকের তদন্ত থেকে জানা গেছে, ওই ভবনের প্লটটির মূল মালিক রাজউক। প্লটটি দীর্ঘমেয়াদি লিজের আওতায় ছিল। প্লটটি হস্তান্তরযোগ্য ছিল না তা জানা সত্ত্বেও টিউলিপ রাজউক কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন করে প্লটটিতে ফ্ল্যাট নির্মাণ করে বিক্রির অনুমোদন করিয়ে নেন। অবৈধ সুবিধা দেওয়া ও নেওয়ার মাধ্যমে যড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ, ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান, ঢাকা-১২১২ বিনামূল্যে গ্রহণে সহযোগিতা করায় টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
- বিষয় :
- টিউলিপ সিদ্দিক
