ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তপশিল নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপি

রাজনৈতিক ইতিহাসে বড় ও উল্লেখযোগ্য ঘটনা

অনিশ্চয়তার অবসান হয়েছে : জামায়াত

রাজনৈতিক ইতিহাসে বড় ও উল্লেখযোগ্য ঘটনা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৮:২০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ | ১০:০২

| প্রিন্ট সংস্করণ

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বড় ও উল্লেখযোগ্য ঘটনা বলে আখ্যায়িত করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের যে তপশিল ঘোষণা হয়েছে, তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। মূল বিষয় হচ্ছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা হয়েছে। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচন। আমি মনে করি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় ও উল্লেখযোগ্য ঘটনা। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো বরাবর বলেছি, নির্বাচনের বিষয়ে আমার কোনো আশঙ্কা নেই। নির্বাচন হতেই হবে এবং সেটা ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে বলেও মন্তব্য করেন ফখরুল। 

তপশিলকে স্বাগত জানিয়ে জামায়াতের আনন্দ মিছিল 

তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সন্ধ্যায় তপশিল ঘোষণার পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। মিছিলের আগে জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যে কোনো বাধা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। 

তপশিলকে স্বাগত জানিয়েছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে। আমি সরকার ও নির্বাচন কমিশনকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তপশিল ঘোষণার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে। কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার ঘাটতি রয়েছে। 

নাসীর বলেন, নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে, ঢাকা-২ আসনে এনসিপির সংবাদ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা অস্ত্রের ঝনঝনানি শুনতে পাচ্ছি। পেশিশক্তি, টাকার প্রভাব, সন্ত্রাসবাদী সংস্কৃতি আমাদের অতীতের নির্বাচনে রয়েছে। সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে– সে বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। 

 

আরও পড়ুন

×