ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘আমার নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বিগ্ন, আমি নই’

ফেসবুক পোস্টে প্রেস সচিব

‘আমার নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বিগ্ন, আমি নই’
×

শফিকুল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

ভয়াবহ হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ঘটনায় গভীর উদ্বেগ ও প্রার্থনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দায়িত্ব গ্রহণের ১৬ মাস পূর্তি উপলক্ষে দেওয়া ওই বার্তায় তিনি নিজের নিরাপত্তা, রাজনৈতিক বাস্তবতা ও তরুণ প্রজন্মের ওপর আস্থার কথা তুলে ধরেছেন।

গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘আজ আমার এই দায়িত্ব পালনের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের (শুক্রবার) জঘন্য গুলির ঘটনার পর থেকে ওসমান হাদি আমার চিন্তা ও প্রার্থনায় আছেন।’
তিনি জানান, তাঁর স্ত্রী, সন্তান ও ভাইবোনরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা চান, নির্বাচনের আগ পর্যন্ত তিনি যেন বাড়তি সতর্কতা অবলম্বন করেন এবং তাঁর কণ্ঠস্বর কিছুটা সংযত রাখেন। ‘তারা ভীত’– লিখেছেন তিনি।

তবে নিজের অবস্থান স্পষ্ট করে প্রেস সচিব বলেন, ‘সত্যি বলতে, আমি ভীত নই।’ তিনি বলেন, “আমি যেখানেই যাই, সেখানেই লাখ লাখ হাদিকে দেখতে পাই। হাসিনা ও কামাল– ‘বাংলার কসাইরা’ তাদের মধ্যে আর কতজনকে হত্যা করতে পারবে?”
শফিকুল আলম বলেন, ‘এই প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততদিন আমার ভয় পাওয়ার কিংবা আশা হারানোর কোনো কারণ দেখি না।’ জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রেস সচিব লেখেন, এই প্রজন্ম তাদের পরিবারের কাছে প্রতিজ্ঞা করেছে, এই জাতিকে ঠিক না করা পর্যন্ত তারা থামবে না।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না। সামনে ধাক্কা আসবে। শক্তিশালী দেশি ও বিদেশি শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে। কিন্তু এ তরুণরা ভয় পায় না। তারা গন্তব্যে পৌঁছাবেই।’ স্ট্যাটাসে তিনি জুলাই ও আগস্টে নিহতদের পাশাপাশি বিদেশি চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্রবিরোধী দীর্ঘ সংগ্রামে নিহত আবরার ফাহাদের কথাও তুলে ধরেন।

আরও পড়ুন

×