ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট সেবা
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ২২:১৪

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির। এ নিয়ে ১৫৭টি দেশে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম চালু হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মুশফিকুর রহমান মাসুম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুল ইসলাম এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে ই-পাসপোর্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মুশফিকুর রহমান মাসুম ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪-এর জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে নাইজেরিয়া ও পার্শ্ববর্তী চারটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে।

ই-পাসপোর্ট প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবে।

বাংলাদেশ হাইকমিশনার জানান, নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করার দিক থেকে ৬৯তম বাংলাদেশ মিশন হিসেবে এবং আজকের এই উদ্বোধনের মাধ্যমে ১৫৭টি দেশ থেকে ই-পাসপোর্ট সেবা নিতে পারবেন। এ জন্য পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ হাইকমিশনার লাইবেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, গাম্বিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান।

ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরণের অংশ হিসেবে প্রধান অতিথি কয়েকজন আবেদনকারীর কাছে ডেলিভারি স্লিপ তুলে দেন।

পরে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মুশফিকুর রহমান মাসুম বাংলাদেশ হাইকমিশনকে একটি ক্রেস্ট প্রদান করেন। পরে রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও অ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।

উল্লেখ্য, এখন থেকে উল্লিখিত চারটি দেশে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

×