সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ২১:০৩
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ৯ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা তদন্ত করতে গিয়ে তার দুর্নীতির সঙ্গে স্ত্রী, সন্তানদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। মামলাটি তদন্ত করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
জানা যায়, তদন্তে সাবেক ওই মন্ত্রীর নামে ২২ কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ পাওয়া গেছে। নিজের নামের ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণও মিলেছে। তদন্তে দেখা গেছে, সাবেক মন্ত্রীর ব্যাংক হিসাব থেকে তার স্ত্রী, সন্তানদের ব্যাংক হিসাবে মোটা অংকের টাকা স্থানান্তর করা হয়েছে। যা মানিলন্ডারিং অপরাধ। এ কারণে স্ত্রী ও সন্তানদেরকে ওই মামলার চার্জশিটে আসামি করা হয়েছে।
দুদকের প্রতিবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামাল পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ওই সম্পদ অর্জন করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান নিজের নামে বাড়ি নির্মাণে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে অপরাধলব্ধ ১৫ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনে তার স্বামীকে সহায়তা করেছেন। ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি নিজের নামে বাড়ি নির্মাণে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে অপরাধলব্ধ ১৫ কোটি ৪৫ লাখ টাকার সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করেছেন। মেয়ে শাফিয়া তাসনিম খানও নিজের নামে বাড়ি নির্মাণে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে অপরাধলব্ধ ১৫ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করেছেন।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশীট দাখিল করা হবে।
- বিষয় :
- দুদক
- আসাদুজ্জামান খান কামাল
- চার্জশিট
