ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হলেন বারহাম সালিহ

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হলেন বারহাম সালিহ
×

ছবি-সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ২১:৫৮

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার নির্বাচিত হয়েছেন বারহাম সালিহ। বর্তমান হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির ১০ বছরের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন বারহাম। সংস্থাটির ঢাকা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, নিউইয়র্কে সংস্থার সাধারণ পরিষদে ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ হাইকমিশনার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে স্বাগত জানান ফিলিপো গ্রান্ডি। নিউইয়র্কে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নতুন হাইকমিশনার নির্বাচন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রার্থীরা অংশ নেন। বারহামের কর্মস্থল হবে জেনেভা।

ফিলিপো গ্রান্ডি বলেন, বারহাম এমন একটি দেশ থেকে এসেছেন, যে দেশটি সম্প্রতি সংঘাত, নিপীড়ন ও বাস্তুচ্যুতির মধ্য দিয়ে গেছে। ফলে আজ অনেক শরণার্থী চ্যালেঞ্জের মুখে, তা তিনি সরাসরি বুঝতে পারেন। তার অভিজ্ঞতা ও পটভূমি ইউএনএইচসিআরকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে উপযুক্ত করে তুলেছে। 

এমন সময় সংস্থার হাইকমিশনার পরিবর্তন হলো, যখন বিশ্বজুড়ে বাস্তুচ্যুতি ব্যাপক আকার নিয়েছে এবং মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠেছে।

ফিলিপো গ্রান্ডি ২০১৬ সালের জানুয়ারিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিরিয়া, ইউক্রেন ও সুদানের মতো বড় বাস্তুচ্যুতির বৈশ্বিক সংকটে ইউএনএইচসিআরকে নেতৃত্ব দিয়েছেন। চলতি বছর মানবিক তহবিলে বড় ধরনের কাটছাঁট সত্ত্বেও ইউএনএইচসিআর এখনও ১২৮টি দেশে কাজ করছে। সংস্থাটির ১৪ হাজার ৬০০ জনের বেশি কর্মীর প্রায় ৯০ শতাংশই মাঠপর্যায়ে কাজ করেন। এ মাসে শরণার্থীবিষয়ক সংস্থাটির ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। 

আরও পড়ুন

×