ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবম পে স্কেল

১ জানুয়ারি থেকে বাস্তবায়ন চান সরকারি কর্মচারীরা

১ জানুয়ারি থেকে বাস্তবায়ন চান সরকারি কর্মচারীরা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ২২:৪৬

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি বলেছে, সরকারের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে তারা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে জানানো হয়, সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের সাত দফার ভিত্তিতে ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আন্দোলন করে আসছেন তারা।

শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। তবে শহীদ শরিফ ওসমান হাদির সম্মানে ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় সংগঠনটির নেতারা শনিবারের পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনের শুরুতে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ওসমান হাদি সব সময় বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অকুতোভয় ছিলেন। তিনি জীবন দিয়ে গেছেন; কিন্তু তাঁর স্বপ্ন থেকে বিচ্যুত হননি। আমরাও তাঁর মতো বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

আরও পড়ুন

×