ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ

দুই প্রতিষ্ঠানের সমন্বিত কর্মসূচি

চরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সবচেয়ে দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ‘ফ্রেন্ডশিপ’-এর সঙ্গে অংশীদারিত্বে একাধিক উদ্যোগ চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বাংলাদেশের উত্তরাঞ্চলের দুর্গম এলাকাগুলোর প্রায় এক লাখ মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনাই এ সমন্বিত কর্মসূচির লক্ষ্য। দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা, মৌলিক স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষার সুযোগের যে ঘাটতি ছিল, তা পূরণে এ উদ্যোগ কাজ করছে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, ফ্রেন্ডশিপের সঙ্গে তাদের যৌথ প্রকল্পের আওতায় হাজারো শিশু চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে, যা তাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং ভালো ফল করতে সহায়তা করছে। একই সঙ্গে নারীরা পেলভিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন, যা তাদের শারীরিক সুস্থতা ফিরিয়ে আনার পাশাপাশি স্বাভাবিক চলাচল ও আত্মমর্যাদা বজায় রাখতে সহায়তা করছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি এই অংশীদারিত্ব চরাঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। এ ছাড়া তাদের ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে এবং বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হতে সহায়তা করছে।
অংশীদারিত্ব সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশের চরাঞ্চলগুলো দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকার মধ্যে পড়ে, যেখানে মৌলিক স্বাস্থ্য ও শিক্ষাসেবার সুযোগ অত্যন্ত সীমিত। ফ্রেন্ডশিপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা উত্তরাঞ্চলের দুর্গম চর এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের জরুরি চোখের চিকিৎসা এবং নারীদের পেলভিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।  এর মাধ্যমে সরাসরি ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হবে এবং পরোক্ষভাবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে। এর পাশাপাশি, কুড়িগ্রাম ও গাইবান্ধার পাঁচটি দুর্গম চরাঞ্চলীয় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যা সরাসরি সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, তাদের উদ্যোগের লক্ষ্য কেবল সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে চরাঞ্চলের মানুষের জীবনে টেকসই ও অর্থবহ পরিবর্তন আনতে। এ উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাসের সঙ্গে শেখার সুযোগ তৈরি করছে। নারীদের আরও সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করছে। পাশাপাশি, চরাঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। 
বাংলাদেশের উন্নয়নে ১২০ বছরের অবদানের ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এ কর্মসূচি ব্যাংকটির বৃহত্তর সাসটেইনেবিলিটি ও কমিউনিটি এনগেজমেন্ট উদ্যোগের অংশ, যার লক্ষ্য দেশের জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষায় প্রবেশাধিকার আরও শক্তিশালী করা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ, বর্তমানে বিশ্বের ৫৪টি গুরুত্বপূর্ণ ও গতিশীল অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম রয়েছে। তাদের লক্ষ্য হলো বৈচিত্র্যকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে বাণিজ্য ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়া। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে আমাদের ব্র্যান্ড প্রতিশ্রুতিতে– হেয়ার ফর গুড।

আরও পড়ুন

×