দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির
সমকাল প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫১
| প্রিন্ট সংস্করণ
দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, ষড়যন্ত্রের মুখে নিজেদের গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ নিশ্চিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতে দেশে উগ্র ডানপন্থি গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করছে; সমাজে বিদ্বেষ ও বিভাজন উস্কে দিচ্ছে। পরাজিত স্বৈরাচারী শক্তি নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র এবং সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তি নিজস্ব স্বার্থ হাসিলের নানা অপতৎপরতায় লিপ্ত। এ পরিস্থিতিতে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন করা অত্যন্ত জরুরি।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সভায় রাজনৈতিক পরিস্থিতি-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন। বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এসএ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, আমিনুল ফরিদ, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, পরেশ কর, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, ডা. সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন, লুনা নূর, অধ্যাপক ডা. ফজলুর রহমান প্রমুখ।
সভার প্রস্তাবে বলা হয়, নির্বাচনের তপশিল ঘোষণার পর দেশবাসী যখন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপেক্ষা করছিল, সে সময় ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এটি নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রেরই অংশ। প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করার পর ঘাতকের নিরাপদে পালিয়ে যেতে পারাই প্রমাণ করে, অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার করতে হবে।
প্রস্তাবে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ উদীচী, ছায়ানট ও নালন্দা বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগে এবং ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, এসব ঘটনা প্রমাণ করে, সরকার চলমান নৈরাজ্য দমনে ইচ্ছাকৃত শিথিলতা প্রদর্শন করছে। প্রশাসনের এ নিষ্ক্রিয়তার পেছনে সরকারের অভ্যন্তরীণ কোনো অংশের প্রশ্রয় রয়েছে বলে জনমনে আশঙ্কা।
সভা থেকে অবিলম্বে এসব ন্যক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
‘অন্তর্বর্তী সরকার দায় এড়াতে পারে না’
গতকাল শনিবার সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উদীচী, ছায়ানট, দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ময়মনসিংহে যুবক হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
বিবৃতিতে নেতারা বলেন, দিনে-দুপুরে ঢাকার রাজপথে প্রকাশ্যে গুলি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান বিন হাদিকে হত্যার ঘটনা পুরো দেশবাসীকে নাড়া দিয়েছে। বিবেকমান মানুষ মাত্রই এতে শোকগ্রস্ত হয়েছেন, প্রতিবাদে সরব হয়েছেন। সিপিবিও এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে হাদিকে মৃত ঘোষণার পর তাঁর অনুসারী ও সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করে ঢাকায় অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় ভস্মীভূত করা হয়েছে।
- বিষয় :
- সিপিবি
