ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পররাষ্ট্র সচিব বললেন

পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করেছে কূটনৈতিক সাংবাদিকতা

পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করেছে কূটনৈতিক সাংবাদিকতা
×

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১১:৪২

কূটনৈতিক সংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেছেন, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সাংবাদিকরা পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন।

গতকাল রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদ আলম সিয়াম এ কথা বলেন। তিনি জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদের সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য দেন।

কূটনৈতিক সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) উদ্যোগে কূটনীতিবিষয়ক প্রতিবেদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন সাংবাদিককে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার প্রিন্ট ক্যাটেগরিতে দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন, টেলিভিশন ক্যাটেগরিতে যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজুর রহমান মিশু এবং অনলাইন ক্যাটেগরিতে সারাবাংলা ডট নেটের কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার পিকে সেরা প্রতিবেদক নির্বাচিত হন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আগে ডিক্যাবের সৃজনশীল লেখনীর সঙ্গে যুক্ত চার সদস্যকে লেখক সম্মাননা দেওয়া হয়। এ বছর লেখক সম্মাননা পেয়েছেন ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি, দেশকাল নিউজের মাসুদ করীম, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদী এবং আলাপের নাহিদ হোসেন। পুরস্কারের জুরি বোর্ডের প্রধান এবং ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকতা অন্যান্য সমসাময়িক বিটের সাংবাদিকতা থেকে ভিন্ন ও স্বতন্ত্র। এখানে কোনো নির্দিষ্ট ন্যারেটিভে আটকে না থেকে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে সংবাদ পরিবেশন করা হয়, যা বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকতার অনন্য বৈশিষ্ট্য।

অনুষ্ঠান শেষে ডিক্যাব তার সদস্য ও সদস্য পরিবারের জন্য কম খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এ সময় উপস্থিত ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মোহাম্মদ সাদ আব্দুল্লাহ। ডিক্যাবের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

হাসপাতালের পক্ষে সই করেন জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস।

আরও পড়ুন

×