হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই: উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৫:২১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৮
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো, ধরেই ফেলতাম। কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম।’
তিনি বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা হয়েছে।’
এদিকে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।’
