ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি
×

কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪১

শরীফ ওসমান হাদির খুনিদের বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আগামী একমাসের মধ্যে বিচার নিশ্চিতসহ তিনদফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদি শপথ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের তিনদফা দাবি হলো-১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা। ২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা। ৩. স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সব দায় নিয়ে পদত্যাগ করা।

এসব দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ সম্পর্কে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

জাবের বলেন, আগামীকাল (সোমবার) বিকেল তিনটায় শহীদ হাদি চত্বরে (শাহবাগে) আমরা সকলে সমবেত হব। সেখানে আমরা শহীদি শপথ নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে খুনের পেছনে কারা জড়িত, তা প্রকাশ করতে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এরমধ্যে তারা গণমাধ্যমকে ডেকে বলবেন, তারা কী পদক্ষেপ গ্রহণ করেছেন। যদি তারা উপস্থিত না হয়ে অতিরিক্ত আইজিপি দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে খাটো করেন, তাহলে আমরাও এমন ভাষায় কথা বলব, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনকে নির্বাচনের সময়েই হতে দিতে হবে। কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পেছনে নির্বাচনকে পেছানোরও একটা ষড়যন্ত্র রয়েছে। নির্বাচনকে পেছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়; দুটিকে কখনো এক করবেন না।

সমাবেশে শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর বলেন, খুনিরা যেখানে আছে, যে দেশে আছে, তাদেরকে আমাদের সামনে হাজির করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সামনে উপস্থাপন না করা হলে আগামীকাল প্রোগ্রামে আপনারা শপথ গ্রহণ করুন। সেই শপথ গ্রহণ করার পর থেকে হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কোনো এজেন্সি দিয়ে প্রলোভন দেখিয়ে আমাদেরকে থামাতে পারবেন না।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা বলেন, শুটার ফয়সাল শেষ ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ জড়িত, যারা এখনও ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে কাজ করে। তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুন

×