ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সর্তক করল কারা অধিদপ্তর

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৪:১৪

লটারির মাধ্যমে কারা বন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতে সক্রিয় হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। কারা অধিদপ্তর বলছে, চক্রটি বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এতে বলা হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’– এমন মিথ্যা তথ্য ছড়িয়ে স্বজনদের কাছে অর্থ দাবি করছে। বাস্তবে এটি সম্পূর্ণ প্রতারণামূলক ও অনৈতিক কর্মকাণ্ড। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরে নেই। কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

এ বিষয়ে যে কোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

আরও পড়ুন

×