রঙের নিঃশ্বাসে যাপিত জীবনের প্রতিফলন
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৬
সময়কে যদি স্পর্শ করা যেত, তবে হয়তো তার শরীর হতো ধাতুর মতো দৃঢ়, আর তার আত্মা হতো কাঠের উষ্ণ শিরার মতো জীবন্ত। এ রকমই কিছু শিল্প ফ্রেমবন্দি হয়ে ধরা দিয়েছে রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকের দেয়ালে দেয়ালে। যেখানে শুরু হয়েছে শিল্পী কাজী তামান্নার একক চিত্রপ্রদর্শনী। তাঁর ২৫ বছরের শিল্পযাত্রা উপলক্ষে এ আয়োজন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ও শিল্পী রফিকুন নবী। তিনি বলেন, কোলাহলমুখর জীবন সামলে শিল্পচর্চা চালিয়ে যাওয়া সহজ নয়। কিন্তু কাজী তামান্না ধাতু ও কাঠে যে শিল্পভাষা নির্মাণ করেছেন, তা শুধু নান্দনিক নয়, পেশাদারিত্বে নিখুঁত, প্রকাশে পরিণত ও অনুভবে অনন্য। প্রদর্শনীতে স্থান পাওয়া তাঁর মেটাল ও উড শিল্পকর্মগুলোর প্রতিটি টুকরো যেন শ্রম, ধৈর্য ও শিল্প-ধ্যানের যৌথ স্বাক্ষর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রকর মাহফুজুর রহমান। তিনি বলেন, মেটাল, উড, বাটিক, অ্যাপ্লিক, অ্যাক্রিলিক– প্রতিটি মাধ্যমেই কাজী তামান্না আলাদা ছন্দ, আলাদা ব্যাকরণ তৈরি করেছেন। এই বৈচিত্র্য শুধু দক্ষতার নয়, সাধনার। আর সাধনার ভাষাই তাঁকে করে তোলে বহুমাত্রিক শিল্পী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী মনিরুজ্জামান, রহমান মুস্তাফিজ ও কাজী তামান্না। শিল্পী মনিরুজ্জামান বলেন, ২৫ বছর পূর্তির স্মারক হিসেবে ২৫টি শিল্পকর্ম প্রদর্শনীতে উপস্থাপন করা এক ব্যতিক্রমী পরিকল্পনা। যেন প্রতিটি ছবি একেকটি বছর, একেকটি অভিজ্ঞতার ঋতুচক্র।
শিল্পী কাজী তামান্না বলেন, শিল্প কখনও একার নয়, এটি চোখে চোখে ছড়িয়ে পড়া এক সম্মিলিত স্পন্দন।
কাজী তামান্নার শিল্পকর্মে প্রধানত উঠে এসেছে নারী, প্রকৃতি ও মনস্তাত্ত্বিক অনুভবের নানা রূপ। কখনও ধাতুর শীতল দীপ্তিতে, কখনও কাঠের নরম দাগে, কখনও রঙের গভীর আবেগে। প্রতিটি কাজ যেন দৃশ্যমান কবিতা। নীরব, অথচ প্রবল।
প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডি ৪ নম্বর সড়কের ২১/এ ভবনে অবস্থিত গ্যালারি চিত্রকে এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
- বিষয় :
- চিত্র প্রদর্শনী
