বন্দি আতাউরকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ
আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৫:১৬
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার কারা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, জঙ্গিবাদের বিষয় উদ্ধৃত করে কারাগারের কয়েদি বা হাজতিদের মাধ্যমে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। এটি অপপ্রচার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আতাউর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপদ ও সুস্থ রয়েছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে।
কারা কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আটক আতাউর রহমানকে তিন মাসের ডিটেনশন আদেশসহ গত বুধবার গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ হস্তান্তর করা হয়।
