ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, এমন কথা বলতে পারছি না: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, এমন কথা বলতে পারছি না: কামাল আহমেদ
×

অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ২১:৪৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ২১:৫৪

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ৯ মাসেও কোনো সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। তিনি বলেছেন, ‘আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের যেসব প্রস্তাব, তার একটি প্রস্তাবও এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, এমন কথা আমি বলতে পারছি না। এ জন্য আমি দুঃখিত।’

শনিবার সকালে রাজধানীয় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

কামাল আহমেদ উপদেষ্টার উদ্দেশে বলেন, তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না; কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘাড়ে তো দোষ চাপানো যাবে। অন্তর্বর্তী সরকার যে কিছুই করেনি, এটাই হচ্ছে সত্য।

কামাল আহমেদ আরও বলেন, ‘‘আমরা গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে (প্রধান উপদেষ্টার কাছে) দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা তখন আমাদের বলেছিলেন, ‘এর মধ্যে আশু বাস্তবায়নযোগ্যর একটি আলাদা তালিকা করে দেন। তাহলে আমরা সেগুলো অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেব।’ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই তালিকা করে তার কাছে দিয়ে এসেছিলাম। তিনি সেটি বাস্তবায়নের জন্য কয়েকবার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি; কিন্তু কিছুই হয়নি।’’

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানে খুব ব্যস্ততা দেখিয়েছেন, এই সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তারা কাজ করছেন। সে কাজটি কী হয়েছে—কাজটি হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর আর বিভাগের কাছে মতামতের জন্য পাঠিয়েছে। তারা নানান মতামত দিয়েছে। মতামত হচ্ছে, এগুলো বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) একীভূত করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার সুপারিশের কথা উল্লেখ করে কামাল আহমেদ বলেন, সেই উদ্যোগও সরকার নিতে পারেনি।

সাংবাদিক শাহনাজ শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজেসির উপদেষ্টা খায়রুল আনোয়ার, বিজেসির চেয়ারম্যান সাংবাদিক রেজোয়ানুল হক, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজিসির ট্রাস্টি ফাহিম আহমেদ, সাংবাদিক তালাত মামুন, ইলিয়াস হোসেন, মিল্টন আনোয়ার ও বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশের প্রতিনিধি মো. আল মামুন। বিজেসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন

×