জরুরি বার্তা
দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ঢাকায়
এম রিয়াজ হামিদুল্লাহ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৩:৩৩
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়। সেই বার্তা পেয়ে সোমবার রাতেই দেশে এসেছেন রিয়াজ হামিদুল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বার্তা পাওয়ার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশে ফেরার প্রস্তুতি নেন। গতকাল রাতেই তিনি ঢাকায় ফিরেছেন। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলছে। বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল। নিরাপত্তা বিবেচনায় মিশনগুলোতে ভিসা সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ। এরই মধ্যে ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটে। আর গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন। এরপর গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে জয়সোয়ালের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
এই পরিস্থিতিতে দিল্লি থেকে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়।
- বিষয় :
- পরারাষ্ট্র মন্ত্রণালয়
- দিল্লি
