থার্টিফার্স্ট নাইট
থাকছে বিশেষ নিরাপত্তা, সব বার বন্ধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পোশাকধারী র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মাঠে থাকছে। গুলশান, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করবে। পুলিশ ও র্যাবের পাশাপাশি মাঠে নামছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম সমকালকে বলেন, থার্টিফার্স্ট নাইট ঘিরে নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সারাদেশে পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটকে নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, থার্টিফার্স্ট নাইটে ঢাকা মহানগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তবে গুলশান, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে আইন মেনে শান্তিপূর্ণভাবে নতুন বছর বরণের আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, থার্টিফার্স্ট নাইটে দেশের সব বার ও নাইটক্লাব বন্ধ থাকবে। কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসি সূত্র জানায়, মাদক পরিবহন ও সেবন রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ ছয়টি পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হবে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হবে। পাশাপাশি সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো গোপন পার্টি বা মাদক লেনদেনের তথ্য আগেই শনাক্ত করা যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) বশির আহমেদ বলেন, থার্টিফার্স্ট নাইটে বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার বন্ধ থাকবে। কোনো বার খোলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
- বিষয় :
- থার্টিফার্স্ট নাইট
