ইসির তালিকায় জাসদের ৭ প্রার্থী, দলটির অস্বীকার
জাতীয় সমাজতান্ত্রিক দল। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ২১:১৬
সংসদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থী তালিকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাত প্রার্থীর নাম রয়েছে। দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাউকে দলীয় মনোনয়নপত্র দেওয়া হয়নি বলে দাবি করেছে ইসির নিবন্ধতি এই দলটি।
গত সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। মঙ্গলবার রাতে ইসি থেকে মনোনয়নপত্র দাখিলকারীর স্বতন্ত্র ও দলভিত্তিক সংখ্যাগত তথ্যসংবলিত তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, সারাদেশের ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিলকারী দুই হাজার ৫৬৯ জনের মধ্যে জাসদের সাতজন প্রার্থী রয়েছেন। যদিও সোমবারই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ বিবৃতি দিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানায়। আর ইসির প্রার্থী তালিকায় দলের প্রার্থী থাকার বিষয়টি অস্বীকার করে বুধবার বিবৃতি দিয়েছে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জাসদের দলীয় প্রার্থী হিসেবে বিভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর।
বিবৃতিতে বলা হয়, জাসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপক্ষীয় ও একতরফা নির্বাচন হিসেবে চিহ্নিত করে ভোটে অংশ না নেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। তা জনসমক্ষে প্রকাশও করা হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাসদ দলীয় প্রার্থী হিসেবে কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। জাসদের দলীয় প্রার্থী হিসেবে কারও মনোনয়নপত্র দাখিলের সুযোগও নেই।
এ ব্যাপারে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ রাতে সমকালকে বলেন, ‘সারাদেশ থেকে পাওয়া মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীর তালিকা কম্পোজের দায়িত্বপ্রাপ্ত অপারেটরদের ভুলের কারণে এটা হতে পারে। কাল (আজ) পরীক্ষা করে কোনো ভুল থাকলে সংশোধন করে দেব।’
- বিষয় :
- জাতীয় সমাজতান্ত্রিক দল
- জাসদ
- ইসি
