শোক বইতে রাজনাথ সিং
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণে থাকবে
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে বার্তা লিখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি-রাজনাথ সিংয়ের এক্স পোস্ট থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১৬:৫১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৮
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই অবদান সব সময় স্মরণ করা হবে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে শোক বইতে তিনি এ বার্তা লেখেন ও স্বাক্ষর করেন।
রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে।
এর আগে বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান।
এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন। এর আগে তিনি ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লির মিশনে গিয়েছিলেন।
- বিষয় :
- রাজনাথ সিংহ
- দিল্লি
- খালেদা জিয়া
