ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

থার্টিফার্স্ট নাইটে শব্দদূষণ, ৯৯৯-এ ৩৮১ অভিযোগ

থার্টিফার্স্ট নাইটে শব্দদূষণ, ৯৯৯-এ ৩৮১ অভিযোগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ০০:১৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ | ১০:০৩

ইংরেজি নববর্ষের শুরুতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, পটকা ফোটানো ও উচ্চশব্দে গান-বাজনার কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ৩৮১টি অভিযোগ জমা পড়েছে। গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত এসব অভিযোগ পাওয়া যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সূত্র জানায়, অভিযোগগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকেই ৯৬টি ফোন এসেছে। বাকি ২৮৫টি অভিযোগ এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে।  বুধবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই রাজধানীজুড়ে বিকট শব্দে আতশবাজি ও পটকা ফাটানো শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত স্থায়ী ছিল। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কড়া নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ফানুস ওড়ানো হয়। মিরপুর ৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি না করার নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চশব্দে হর্ন বাজানো বা গণউপদ্রব সৃষ্টি থেকেও বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরও অধিকাংশ এলাকায় এই নির্দেশনা মানা হয়নি। 

আরও পড়ুন

×