৬৮ হাজার শিক্ষক নিয়োগ করতে চায় এনটিআরসিএ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ০২:১৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চাওয়া হয়েছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চাহিদাপত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শূন্য পদের তথ্য সংযুক্ত করা হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরের মাধ্যমে এসব শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই শেষে চাহিদাপত্র অনুমোদন দেওয়া হলে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ নিবন্ধিত প্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, বিপুলসংখ্যক শূন্য পদে নিয়োগ হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট অনেকটা কমবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।
- বিষয় :
- এনটিআরসিএ
- গণবিজ্ঞপ্তি
