পাবনা-১ ও ২ আসন
সীমানা পুনর্নির্ধারণ করে জারি করা গেজেট স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
পাবনা-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট স্থগিত করেছেন আপিল বিভাগ। এ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ গতকাল সোমবার এ আদেশ দেন। রিটকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২৪ ডিসেম্বরের গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা-২ আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ব্যতীত বেড়া উপজেলা। এই গেজেটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ফলে ইসির গত ২৪ সেপ্টেম্বরের গেজেট কার্যকর হলো। এতে সাঁথিয়া উপজেলাকে এককভাবে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে চূড়ান্ত করা হয়।
- বিষয় :
- সীমানা নির্ধারণ
