অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি
আনিসুল ও সালমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে মানবতাবিরোধী অপরাধ ঘটানোর অভিযোগে দায়ের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য এই দিন রাখেন।
আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আসামিদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করে অব্যাহতি প্রার্থনা করেন তিনি। অন্যদিকে, প্রসিকিউশন পক্ষে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।
গত ২২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি শেষ হয়। সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি-প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তা। তাদের ধারাবাহিক এসব কর্মকাণ্ডে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ আওয়ামী লীগের সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ছাত্রসহ ২০ জন। কিন্তু নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেননি তারা।
গতকাল শুনানির শুরুতেই মনসুরুল হক ট্রাইব্যুনালকে বলেন, দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে, রুলস অব বিজনেসে সেটি নেই। এর বাইরে তাদের কাজ করার কোনো এখতিয়ার নেই এবং প্রধানমন্ত্রী (ক্ষমতাচ্যুত) শেখ হাসিনা তাদের জুলাই-আগস্ট আন্দোলন দমনের জন্য কোনো দায়িত্ব দেননি। রাষ্ট্রপক্ষ এমন কোনো তথ্য-প্রমাণ দাখিল করতে পারেনি।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, যুদ্ধের সময় কোর্ট ফোলিও দেখানো হয় না। আইনজীবী মনসুরুল হক বলেন, জুলাই-আগস্টে দেশে কোনো যুদ্ধ হয় নাই, বিপ্লবও হয় নাই। ট্রাইব্যুনাল বলেন, যুদ্ধের মতো হয়েছে। এটা দমন করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের; আইন মন্ত্রণালয়ের না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ ছিল। তাদের কোটা নিয়ে দাবি ছিল যৌক্তিক। মনসুরুল হক বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তা সঠিক নয়। তাদের এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক।
এ পর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় এত লোক মারা গেল– এটা উপস্থাপন করবেন। দেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
- বিষয় :
- মানবতাবিরোধী
