প্রাণিস্বাস্থ্য–পুষ্টি নিরাপত্তায় সরকারি–বেসরকারি সমন্বয়ের ওপর জোর উপদেষ্টার
ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো উদ্বোধন
আইসিসিবিতে অনুষ্ঠিত ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপোতে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ২০:১৬
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ঠিকই, কিন্তু এ কাজে সরকার একা সফল হতে পারবে না। প্রাণিস্বাস্থ্য ও পুষ্টি–নিরাপত্তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আইসিসিবিতে অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো–২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’ স্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে বিশ্বের ১৪টি দেশের অংশগ্রহণ রয়েছে।
উপদেষ্টা বলেন, উদ্যোক্তারা শুধু বিনিয়োগ করছেন না, প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও সক্ষম করার নানা উদ্যোগও নিচ্ছেন। তাঁর ভাষায়, মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চাইলে প্রাণিস্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে। মাছ, গবাদিপশু বা পোল্ট্রি—সব ক্ষেত্রেই আমিষ উৎপাদনের মূল শর্ত হলো প্রাণীর সুস্থতা। এ প্রসঙ্গে তিনি ওয়ান হেলথ ধারণার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনের সমন্বিত সুস্থতার ওপরই টেকসই স্বাস্থ্য নিরাপত্তা টিকে থাকে।
তিনি প্রাণিখাদ্যের মান নিয়েও সতর্ক করেন। শুধু মোটাতাজাকরণ নয়, প্রাণী যে খাদ্য গ্রহণ করছে তা নিরাপদ ও পুষ্টিকর কি না, সেটি নিশ্চিত করা জরুরি। ভুট্টা ও সয়াবিনের মতো উপাদানে অতিরিক্ত আমদানিনির্ভরতা কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রাণিস্বাস্থ্য–ওষুধ নিয়ন্ত্রণে নীতিগত ঘাটতির কথাও তুলে ধরে উপদেষ্টা বলেন, বিদ্যমান আইন দিয়ে এই খাতের চাহিদা পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় আইন সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, মানবস্বাস্থ্য রক্ষার জন্য প্রাণিস্বাস্থ্য সুরক্ষা অপরিহার্য। তিনি জানান, প্রাণীস্বাস্থ্যের জন্য আলাদা ড্রাগ আইন প্রণয়নের কাজ চলছে। খসড়া প্রস্তুত হয়েছে, বর্তমান সরকারের মেয়াদেই তা অর্ডিন্যান্স আকারে উপস্থাপন করা হবে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহকাবের সভাপতি সায়েম উল হক।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের এক্সপোতে রয়েছে ১২৮টি বিদেশি স্টল এবং ৬৫ জন আন্তর্জাতিক প্রদর্শক। প্রাণিস্বাস্থ্য ও মৎস্যখাতে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতার নতুন সুযোগ তৈরিই মেলার মূল লক্ষ্য।
- বিষয় :
- প্রাণিসম্পদ উপদেষ্টা
- ফরিদা আখতার
