নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইইউ
নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. ইভারস আইজাবস সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ২১:১৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ | ১০:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. ইভারস আইজাবস সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ইইউ’র দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউ’র ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।
ড. ইভারস আইজাবস বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করছি।
ইইউ প্রতিনিধিদলের প্রধান বলেন, আমরা এখানে সাহায্য করতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবো। কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হবে এক ঐতিহাসিক নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে আমরা আশা করি।
- বিষয় :
- ইইউ
- নির্বাচন কমিশন
- সিইসি
- নির্বাচন পর্যবেক্ষণ
