ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েক দিন

শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েক দিন
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ০৮:১৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ | ০৯:১৫

| প্রিন্ট সংস্করণ

দেশের উত্তরের জেলা থেকে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত শীতের দাপট থামার নাম নেই। গতকাল বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যা অন্তত আরও কয়েক দিন স্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর-রাজশাহী দুটি বিভাগই পুরোপুরি শৈত্যপ্রবাহের আওতায়। এর সঙ্গে যোগ হয়েছে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া– সব মিলিয়ে ২৪ জেলা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবারের তুলনায় গতকাল শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। আবার সর্বনিম্ন তাপমাত্রাও সামান্য বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে রাজধানীর তাপমাত্রাও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে কয়েক দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও বয়ে গেছে শৈত্যপ্রবাহ। রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে গতকাল ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বুধবার দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই শৈত্যপ্রবাহ আর কয় দিন চলবে– এমন প্রশ্নের জবাবে শাহীনুল ইসলাম বলেন, আরও কয়েক দিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে, আবার কিছু জেলা বাদ পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে হিসাবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে। এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন থাকবে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে এক সপ্তাহ ধরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। টানা দুদিনের তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রাতে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা, ভোর হতে না হতেই কয়েক হাত দূর পর্যন্ত দেখা যায় না। যানবাহন ধীরগতিতে চলে হেডলাইট জ্বালিয়ে। দিনমজুর আর নিম্ন আয়ের মানুষের অবস্থা সবচেয়ে খারাপ– জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে বের হতে হচ্ছে।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে কঠিন কুয়াশা আর জমাট শীতে বোরোর বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলুর ক্ষেতের পাশে আগাম তৈরি করা বীজতলার চারা হলদে হয়ে যাচ্ছে, কোথাও কোথাও পচে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধার ব্যাখ্যা, কুয়াশা থেকে বাঁচাতে রাতে পলিথিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমলয় পদ্ধতির চারা ভালো আছে। ভবিষ্যতে এমন বীজতলা বাড়লে সংকট কমবে।

আরও পড়ুন

×