সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতিতে বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২২তম বিশেষ পররাষ্ট্র মন্ত্রী পরিষদের অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১২:২৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১৮:২১
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সোমালিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন রাখে বাংলাদেশ। শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২২তম বিশেষ পররাষ্ট্র মন্ত্রী পরিষদের অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
এ সময় ইসরায়েলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয় সোমালিয়ার একটি অংশকে তথাকথিত ‘সোমালিল্যান্ড’ হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করতে।
অধিবেশনে বক্তব্যে মো. তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে বাংলাদেশ পুরোপুরি একমত।
তিনি ওআইসিকে আহ্বান জানান, ইসরায়েলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সংগঠনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করতে।
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসের বিষয় নয়। তিনি জোরালোভাবে বলেন, অবৈধ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয় এবং একতরফা চাপ বা জবরদস্তির পরিবর্তে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় ব্যবস্থাই প্রাধান্য পাওয়া উচিত।
এর আগে, শনিবার সকালে ওআইসির সদস্য দেশগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বিশেষ অধিবেশনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি জানানো হয়।
