ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোশাক শিল্পের বিকাশ সহজ করেছিলেন খালেদা জিয়া: বিজিএমইএর শোকসভায় উদ্যোক্তারা

পোশাক শিল্পের বিকাশ সহজ করেছিলেন খালেদা জিয়া: বিজিএমইএর শোকসভায় উদ্যোক্তারা
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৪:৩৯

খালেদা জিয়া ছিলেন পোশাক শিল্পের একজন প্রকৃত বন্ধু। ব্যবসা পরিচালনা ব্যয় কমানো, ব্যবসা সহজীকরণে বড় ভূমিকা রাখেন তিনি। নব্বইয়ের দশকের শুরুতে তিনি নগদ সহায়তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে পোশাক শিল্পের বিকাশ সহজ করেছেন। কোটা প্রথা বিলুপ্তির সংকটকালে পরিস্থিতি থেকে উত্তরণে ‘জাতীয় কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করেছিলেন। এর ফলে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাত শক্তিশালী অবস্থানে পৌঁছে যায়। এ খাতের উদ্যোক্তারা সারা জীবন তাঁর অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবেন।

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় গতকাল সোমবার এক শোকসভায় এসব কথা বলেন উদ্যোক্তারা।

তৈরি পোশাক খাত উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ রাজধানীর উত্তরায় এ সভার আয়োজন করে। 

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনীসহ অনেকে।

সেলিম রহমান বলেন, খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন আমাদের পোশাক শিল্পের সত্যিকারের বন্ধু। নব্বইয়ের দশকের শুরুতে যখন এই শিল্প শৈশবকাল পার করছিল, তখন তিনি সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে শিল্পের পথচলা সহজ করে দিয়েছিলেন। তাঁর সরকারের সময়কালে পোশাক রপ্তানি প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। বিজিএমইএর ওপর আস্থা রেখে তিনি ইউডি ও ইউপি দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যা ব্যবসার গতি বহুগুণ বাড়িয়ে দেয়।

কাজী মনিরুজ্জামান বলেন, ‘আজকে পোশাক শিল্পের আমি যে একজন গর্বিত মালিক, একটি ভালো গাড়িতে চড়ি, একটা ভালো বাড়িতে থাকি, এই অবদান খালেদা জিয়ার। এই অবদান শহীদ জিয়ার। সেই কারণে তাদের কৃতজ্ঞতা ভরে আমি তাদের স্মরণ করি।’ তারেক রহমানের হাত ধরে পোশাক শিল্প আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

শোকসভায় খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে দেশের অর্থনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে পোশাক শিল্পের প্রসারে তাঁর গৃহীত যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরা হয়। 

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, এ বি এম সামছুদ্দিন, মোহাম্মদ সোহেল, সামিহা আজিম প্রমুখ। 

আরও পড়ুন

×