ইসিতে স্মারকলিপি প্রদান
জাপাসহ ১৪ দলের মনোনয়ন বাতিল চায় জুলাই ঐক্য
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০০:১৯
জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে এই স্মারকলিপি জমা দেয় সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, প্লাবন তারেক, ইসরাফিল ফরাজী, মুন্সি বুরহান মাহমুদ ও ওয়ালীউল্লাহ।
স্মারকলিপি জমা দেওয়া শেষে মোসাদ্দেক আলী সাংবাদিকদের বলেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে যারা অংশ নিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছে, তারা ফ্যাসিবাদের দোসর। তবে ২০১৮ সালে শেখ হাসিনাকে বিশ্বাস করে গণতন্ত্র রক্ষা করতে বিএনপি-জামায়াত ভোটে যায়। কিন্তু শেখ হাসিনা রাতের ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন করে। তাই ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনকে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে যেন না মেলানো হয়।
তিনি বলেন, জাপার মনোনয়নপত্র বাতিলের দাবিতে সম্প্রতি তারা হাইকোর্টে রিট দায়ের করেছেন। যেখানে একটি রুল দেওয়া হয়েছে। আশা করি, হাইকোর্ট খুব শিগগির তাদের (জাতীয় পার্টি) মনোনয়নপত্র বাতিল করবেন।
জুলাই ঐক্যের স্মারকলিপিতে বলা হয়, গত ১৬ বছর জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগীরা বাংলাদেশে যত গুম, খুন, গণহত্যা ঘটিয়েছে, প্রকাশ্যে তার পক্ষে সহযোগিতা করেছে ১৪ দল। ভারতীয় প্রেসক্রিপশনে তারা বাংলাদেশবিরোধী সব ধরনের কাজে লিপ্ত ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী জোট জুলাই ঐক্যের দাবি অবিলম্বে গণহত্যাকারীদের মনোনয়ন বাতিল করতে হবে।
সংগঠনটির নেতারা অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দলের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন-সংলগ্ন আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে জড়ো হতে থাকেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এর পর মিছিলসহকারে নির্বাচন কমিশন ভবন অভিমুখে রওনা হন তারা। মিছিলটি নির্বাচন কমিশন ভবনসংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সামনে এলে পুলিশ আটকে দেয়। এর পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল কমিশন ভবনে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে স্মারকলিপি জমা দেয়।
