দুই সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অনৈতিকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে আনসার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০২:৪২
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন আনসার সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ শাখা থেকে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: আশিকউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে স্পষ্ট যে, অভিযুক্তদের অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না। অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।
গত রোববার মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- শাহাদাত হোসেন ও আবু সাঈদ।
- বিষয় :
- আনসার
