ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিইসির সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান

গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে

পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ

গণভোটে বিএনপি  ‘হ্যাঁ’-এর পক্ষে
×

নজরুল ইসলাম খান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। এজন্য গণভোটে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেব।’

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের ক্ষেত্রে ‘কৌশলগত পক্ষপাত’-এর অভিযোগ এনে তিনি বলেন, বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছেন। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম বলেন, পোস্টাল ব্যালট পেপারে পাঁচটি কলাম ও ১৪টি সারি রাখা হয়েছে। এর ফলে তিনটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এসেছে। অথচ বিএনপির প্রতীকটি মাঝখানে এমনভাবে রাখা হয়েছে যে, কাগজ ভাঁজ করলে সেটি ভালো করে নজরেই পড়ে না। ইসি যদি পাঁচটা না করে ছয়টা কলাম করত বা ১৪টার জায়গায় ১২টা বা ১৬টা সারি করতে, তাহলে এই বিন্যাস হতো না। কাজেই এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই আমরা মনে করি।
তিনি বলেন, কমিশনের কর্মকর্তারা বলেছেন, তারা বিষয়টি আলফাবেটিক্যালি দেখেছেন। কেউ কেউ মনে করতে পারেন এটা ঘটনাক্রমে হয়েছে। কিন্তু আমরা বলেছি, আপনারা হয়তো খেয়াল করেননি। কিন্তু যারা ভেতরে কাজটা করেছে, তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। আমরা অনুরোধ করেছি, দেশের ভেতরে যেসব পোস্টাল ব্যালট এখনও পাঠানো হয়নি, সেখানে যেন এই কৌশল আর প্রয়োগ না হয়। এটা যেন শোধন করা হয়।

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেক ব্যালট পেপার হ্যান্ডল করছেন–এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমিশন বলেছে, বিষয়টি তাদের নজরেও এসেছে। তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখান থেকে রিপোর্ট এসেছে যে, হ্যাঁ, এমন একটা ঘটনা তারা জেনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, ভোটে কারচুপির চেষ্টা হলে ইসির পক্ষ থেকে এনআইডি ব্লক করা হবে বলা হয়েছিল। আমরা বলব, যারা এই ভোটে বিঘ্ন সৃষ্টির সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। দলীয় প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সমস্যা রয়েছে। নাগরিকত্ব ত্যাগ করলে তারা নির্বাচনের যোগ্য হবেন। বিগত সরকারের অত্যাচারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন। এখন তাদের প্রার্থিতা বাতিল করলে অন্যায় হবে। 

নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে নির্বাচনের জন্য বিএনপি চেয়ারম্যান তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল–এটি কোনো রাজনৈতিক সফর হবে না। তবে ইসি অনুরোধ করেছিল সফর স্থগিত রাখতে। 
এর আগে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। দলে আরও ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং রুহুল কুদ্দুস কাজল। 

আরও পড়ুন

×